চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের আলোচনা বহু পুরনো হলেও ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জীবনে এমন একজন প্রেমিকা ছিলেন, যাকে তিনি মনে মনে বিয়ে করতে চেয়ে চেয়েছিলেন। চলচ্চিত্রজগতের বাইরের ঢাকার একটি প্রতিষ্ঠিত পরিবারের সেই মেয়েটিকে নিয়ে একসময় জীবনসঙ্গী করার স্বপ্ন দেখেছিলেন এই অভিনেতা। কিন্তু নানা অভিমান ও পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি।

সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে উপস্থাপিকা ও চিত্রনায়িকা পূর্ণিমার মুখোমুখি হয়ে অতীতের সেই অসমাপ্ত প্রেমের স্মৃতিচারণা করেন শাকিব। তিনি জানান, গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়া সেই মানুষটিকে এখনো মাঝেমধ্যে মনে পড়ে এবং সম্পর্ক ভাঙার অনুশোচনা তাঁর মনে আজও রয়েছে। তবে বর্তমান সময়ে তাঁদের মধ্যে কোনো যোগাযোগ নেই এবং নতুন করে যোগাযোগের কোনো ইচ্ছাও নেই বলে স্পষ্ট জানিয়েছেন এই অভিনেতা।