বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন সংগীতশিল্পী তাসরিফ খান। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, শিক্ষার্থীদের ওপর এত চাপ সৃষ্টি করে পরীক্ষা নেওয়ার প্রয়োজন ছিল কি না। তার মতে, এইচএসসি পরীক্ষা এমনিতেই শিক্ষার্থীদের জীবনের অন্যতম চাপপূর্ণ একটি পরীক্ষা। সে ক্ষেত্রে এক বা দুই দিনের জন্য পরীক্ষা পিছিয়ে দিলে বড় কোনো ক্ষতি হতো না।
পোস্টে তাসরিফ খান বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যে ভিজে ভিজে এবং রাস্তায় জমে থাকা দূষিত পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। এতে তারা শারীরিক ও মানসিকভাবে ভোগান্তির শিকার হয়েছে। ভেজা শরীরে পরীক্ষা দেওয়ার কারণে অনেকের অসুস্থ হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। শিক্ষার্থীদের এই কষ্ট, মানসিক চাপ ও ট্রমা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথভাবে উপলব্ধি করছে কি না, সে প্রশ্নও তোলেন এই শিল্পী।
তাসরিফ আরও বলেন, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব মূলত তরুণ প্রজন্মের কাঁধে। তাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও উদ্বেগকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীরা কোনো যৌক্তিক দাবিতে আন্দোলনে নামলেই তাদের বিভিন্নভাবে ট্যাগিং বা সমালোচনার মুখে পড়তে হয়, যা অনাকাঙ্ক্ষিত।
পোস্টের শেষাংশে তিনি ভুল সিদ্ধান্ত হলে তা স্বীকার করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের আবেগ, মানসিক অবস্থা ও কল্যাণকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। তাসরিফ খান বলেন, শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবির সঙ্গে তিনি অতীতেও ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।