চাইলেই অন্য প্রতিযোগীদের মতো বিকিনি পরে মঞ্চে হাঁটতে পারতেন সামিরা খান মাহি। তবে সেই পথে হাঁটেননি বাংলাদেশের এই সুন্দরী। মিস ইউনিভার্স প্রতিযোগিতার অন্যতম আলোচিত পর্ব সুইমস্যুট রাউন্ডে বেছে নিয়েছেন ব্যতিক্রমী সাজ। পুরো শরীর ঢাকা ফিটিং নীল পোশাকে তাঁর উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। সামাজিক মাধ্যমেও প্রশংসা পাচ্ছে মাহির এই ভিন্নধর্মী উপস্থাপনা।

মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে সাধারণত প্রতিযোগীদের বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে দেখা যায়। তবে অন্যদের থেকে আলাদা হয়ে মাহি হাজির হন ফুলহাতা নীল পোশাকে। এর সঙ্গে ছিল লম্বা নীল কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পোশাক ও মঞ্চে তাঁর উপস্থাপনায় ফুটে উঠেছে নিজস্ব রুচি ও ভিন্নতা।

স্থানীয় সময় রোববার রাতে এই পর্বের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন মাহি। নিজের পোস্টে তিনি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও জানান তিনি।

মাহির এই লুক ঘিরে সামাজিক মাধ্যমে দেখা গেছে নানা প্রশংসা। একজন মন্তব্য করেছেন, বিকিনি ছাড়াও যে বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। তাঁর ছবির মন্তব্যের ঘরেও ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।

এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও ব্যতিক্রমী উপস্থাপনায় নজর কেড়েছিলেন সামিরা খান মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়িতে মঞ্চে হাজির হন তিনি। পোশাকের মাধ্যমে তুলে ধরেন মাতৃত্ব ও ভালোবাসার বার্তা।

উল্লেখ্য, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং বিজয়ীর মাথায় পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট।