রাজধানীর উত্তরার বাসা থেকে ভোররাতে আটক হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে তিনটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

আটকের আগে একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতি। এ সময় তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। অভিনেত্রীর দাবি, কেন পুলিশ তাঁর বাসায় এসেছে, তা তিনি জানেন না। লাইভে তিনি বলেন, ‘আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’ পুলিশ সদস্যদের উদ্দেশে হাতকড়া না পরানোর অনুরোধ জানিয়ে বলেন, প্রয়োজনে তিনি নিজেই থানায় বা ডিবি কার্যালয়ে যেতেন।

২০২৪ সালে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন জ্যোতিকা জ্যোতি। ওই গ্রুপের সদস্যদের তালিকায় তাঁর নাম ছিল। গ্রুপটির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসায় সমালোচনা তৈরি হয়। পরে ফেসবুক লাইভে নিজের অবস্থান ব্যাখ্যা করে জ্যোতি দাবি করেছিলেন, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা ছিল না।

বিতর্কের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়। ২০২৩ সালে ওই পদে নিয়োগ পাওয়া জ্যোতির নিয়োগ ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল হয়।

এ ছাড়া ২০২৬ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতির নামও ছিল। তবে সেই অভিযোগের সঙ্গে তাঁর বর্তমান আটকের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন জ্যোতিকা জ্যোতি। নাটকের পাশাপাশি ‘নন্দিত নরকে’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’ ও ‘লাল মোরগের ঝুঁটি’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কলকাতার ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।