তিন বছর পর আবারও শাহরুখ খানের সিনেমা মুক্তি পেতে পারে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। আগামী ২৪ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা অভিনেতার নতুন সিনেমা ‘কিং’ দেশে আনতে উদ্যোগ নিয়েছেন নির্মাতা-প্রযোজক অনন্য মামুন।

ঢাকা পোস্টকে মামুন জানিয়েছেন, সিনেমাটি আমদানির অনুমতি চেয়ে বৃহস্পতিবার সরকারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন তিনি। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও তার প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের মধ্যে এ নিয়ে চুক্তিও সম্পন্ন হয়েছে। এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি।

সাফটা চুক্তির আওতায় সিনেমা আমদানিতে আইনি বাধা নেই বলে আশাবাদী মামুন। তার মতে, ‘কিং’-এর মতো আলোচিত সিনেমা দেশে মুক্তি পেলে প্রেক্ষাগৃহের দর্শকসংকট কিছুটা কমতে পারে। কারণ, ঈদের সময় ছাড়া বছরের অধিকাংশ সময়ই উল্লেখযোগ্য সিনেমার অভাবে লোকসানে থাকে দেশের অনেক হল।

সাফটা চুক্তির নিয়ম অনুযায়ী, একটি সিনেমা আমদানি করতে হলে বিপরীতে একটি সিনেমা রপ্তানি করতে হয়। সেই শর্ত পূরণে ২০২৫ সালে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ ভারতে পাঠানো হবে বলে জানিয়েছেন মামুন। এম রাহিম পরিচালিত সিনেমাটি বাংলাদেশে ভালো ব্যবসা করেছিল।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা ও অভয় ভার্মাসহ অনেকে।