ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের পরিবারে নেমে এসেছে শোক। মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে ফেসবুক পোস্টে নিজেই ভাইয়ের মৃত্যুর খবর জানিয়েছেন ডিপজল।
প্রিয় ভাইকে হারিয়ে গভীর শোক প্রকাশ করে তিনি লেখেন, তাঁর এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। ভাইয়ের স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন থাকবে বলেও উল্লেখ করেন অভিনেতা। একই সঙ্গে প্রয়াত ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
জানা গেছে, বুধবার বাদ জোহর বাড়ায়ানি পাড়া জামে মসজিদে আনোয়ার হোসেন আফজালের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এর আগে গত ৯ নভেম্বর ভাইয়ের অসুস্থতার কথা জানিয়ে তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন ডিপজল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইয়ের ছবি প্রকাশ করে শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগও জানিয়েছিলেন তিনি।