ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি জিতেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁর নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। পরে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা মাহির মাথায় মুকুট পরিয়ে দেন।
বিজয়ী ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জা। শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে গাউনে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নতুন বিজয়ী।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে শুরু হতে যাওয়া ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাবা-মা তাঁকে বিশ্ব জয় করে আসার অনুপ্রেরণা দিয়েছেন। দেশের মানুষের কাছে দোয়া চেয়ে মাহি বলেন, তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চান। তাঁর ভাষায়, ‘আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’
এর আগে ২০২৫ সালে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের ইতিহাসে বাংলাদেশের জন্য সেটিই ছিল প্রথম প্লেসমেন্ট। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেছিলেন মিথিলা।
এবার মিথিলার পর আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দায়িত্ব পেলেন সামিরা খান মাহি।