সাংবাদিক হেনস্তা ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। রোববার (৮ নভেম্বর) পরীমনি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণের ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশালীন বক্তব্য, হুমকি ও আপত্তিকর আচরণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। চলচ্চিত্র শিল্পী সমিতিকেও সাত দিনের মধ্যে শোকজ নোটিশ দিয়ে পরীমনির বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেছেন নোটিশদাতা।
নোটিশে বলা হয়েছে, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজিরা দিতে যান পরীমনি। এ সময় সাংবাদিকেরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাঁর নিরাপত্তাকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। অভিযোগ অনুযায়ী, পরীমনি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেন এবং তাঁর নিরাপত্তাকর্মীরা ভিডিও ধারণের কাজে ব্যবহৃত ট্রাইপড ভেঙে ফেলেন। ওই ঘটনায় কয়েকজন সাংবাদিকসহ একজন বিচারপ্রার্থী আহত হন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া রবিউল হোসাইনকে উদ্দেশ করে পরীমনি অশালীন ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দিয়েছেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। আইনজীবীর দাবি, এ ধরনের আচরণ সাংবাদিকের পেশাগত মর্যাদা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
নোটিশে পরীমনির ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৬ নভেম্বর জাতীয় সংগীত ব্যবহার করে দেওয়া একটি পোস্টের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। আইনজীবীর মতে, ওই পোস্টের বক্তব্য জাতীয় সংগীতের অবমাননার শামিল। এ ধরনের আচরণ শিশু-কিশোর ও তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও নোটিশে দাবি করা হয়েছে।
এতে সংবিধানের ৪ অনুচ্ছেদ, ‘দ্য বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার ১৯৭২’ এবং দণ্ডবিধির ৫০৩, ৫০৪, ৫০৬, ৪৯৯ ও ৫০০ ধারার কথা উল্লেখ করা হয়েছে। এসব আইনের আওতায় জাতীয় প্রতীক অবমাননা, অপরাধমূলক ভীতি প্রদর্শন ও মানহানির শাস্তির বিধান তুলে ধরেছেন আইনজীবী।
নোটিশে আরও বলা হয়েছে, পরীমনির বিরুদ্ধে অভিযোগ ওঠার পরও চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে কোনো সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এতে সংগঠনটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন নোটিশদাতা।