মধ্যরাতে ফেসবুক লাইভে এসে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরীমনি। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়েছেন দাবি করে তিনি ঘটনাটিকে পরিকল্পিত বলে মন্তব্য করেন।

রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে লাইভে এসে পরীমনি জানান, অনুষ্ঠান শেষে হঠাৎ এক ব্যক্তি আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ কারণে গাড়িতে উঠতে না পেরে অনুষ্ঠানস্থলের ব্যাকস্টেজে অবস্থান করছিলেন তিনি। পরিস্থিতির কারণে গুলশান থানায় ফোন করেছেন বলেও জানান অভিনেত্রী।

লাইভে অনুষ্ঠানের স্টল ভাঙচুর এবং অন্য শিল্পীদের হেনস্তার অভিযোগও করেন পরীমনি। তাঁর দাবি, সাংবাদিকতার নাম ব্যবহার করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তারাই এমন ঘটনার জন্য দায়ী। পরে আরও কয়েকটি লাইভে তাঁকে সন্তানকে নিয়ে গাড়িতে উঠতে দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্যদেরও উপস্থিতি দেখা গেছে।

এর আগে গত ৫ নভেম্বর ঢাকার আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালতে যাওয়ার সময় তাঁর ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। অন্যদিকে পরীমনি অভিযোগ করেন, ওই সাংবাদিক তাঁকে স্পর্শ করেছেন।

সাংবাদিক রবিউল হোসাইন পরীমনির অভিযোগ অস্বীকার করে দাবি করেন, অভিনেত্রী তাঁকে গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন। ওই ঘটনার পর সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে আইনি নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার অনুরোধ জানানো হয়েছে।