অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকের এক দিনের মধ্যে এবার গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে। বৃহস্পতিবার রাতে রাজধানীর আজিমপুরের একটি বাসা থেকে তাঁকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে এখনো কোনো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তমালকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তমালের বিরুদ্ধে। তবে এসব বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি। অভিনেতার বক্তব্যও পাওয়া যায়নি।
এর আগে বুধবার দিবাগত রাতে উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে বিতর্ক তৈরি হয়েছিল। গ্রুপে থাকা কয়েকজন শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির বিরুদ্ধে আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্যের অভিযোগ ওঠে।
‘৪২০’ নাটক দিয়ে অভিনয়ে যাত্রা
অভিনয়ে আসার আগে শিক্ষকতা করতেন তমাল মাহবুব। ১৯৭৮ সালের ৩ সেপ্টেম্বর কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা গ্রামে জন্ম তাঁর। বেড়ে উঠেছেন ঢাকার আজিমপুরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।
বন্ধুদের সঙ্গে আজিজ সুপার মার্কেটে আড্ডা দেওয়ার সূত্র ধরে নাটকে অভিনয়ের সুযোগ পান তিনি। ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ধারাবাহিক ‘৪২০’-এর মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন তমাল।