জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংস্কৃতিকর্মী এরশাদুল হক। তিনি জানান, শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় মাতিয়া বানু শুকুকে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন এই নির্মাতা।

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন মাতিয়া বানু শুকু। পাশাপাশি কিডনির জটিলতাও ছিল তাঁর। গত ২১ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তখন তাঁর শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার পর্যন্ত অক্সিজেন দিতে হচ্ছিল তাঁকে। সংকটাপন্ন অবস্থায় চিকিৎসকেরা তাঁর পরবর্তী চিকিৎসা ও লাইফ সাপোর্ট নিয়েও আলোচনা করেছিলেন।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু। নির্মাতা নূরুল আলম আতিকের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন। দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর নির্মিত কাজগুলোতে উঠে এসেছে মধ্যবিত্তের জীবন, সম্পর্ক এবং সমাজবাস্তবতার নানা গল্প।

‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক তাঁর উল্লেখযোগ্য কাজ। এ ছাড়া ‘টু-লেট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’ চলচ্চিত্রের মাধ্যমেও নিজের নির্মাণশৈলীর স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন তিনি।

নাট্যকার ও পরিচালক পরিচয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর। ২০২১ সালে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু।

দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়ে পরিবার। এ পরিস্থিতিতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের সহযোগিতা চেয়েছিলেন তাঁর স্বামী নূরুল আলম আতিক। সম্প্রতি তাঁর চিকিৎসায় অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ২৮ নভেম্বর চ্যানেল আইয়ে বিশেষভাবে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছিল নূরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘ডুবসাঁতার’। ছবিটির বিশেষ প্রদর্শনী থেকে পাওয়া বিজ্ঞাপন আয়ের সম্পূর্ণ অর্থ তাঁর চিকিৎসার জন্য ব্যয় করার পরিকল্পনা ছিল। কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়নের আগেই না ফেরার দেশে চলে গেলেন গুণী এই নির্মাতা।