৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। বিশ্বের ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে নিজের দেশের মাটিতে এই খেতাব অর্জন করেছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

স্থানীয় সময় রাত ৮টায় শুরু হওয়া প্রতিযোগিতাটি বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধিরা।

চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস ও মঞ্চে উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। সবকিছু বিবেচনায় বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন জেনিফার ব্যারেটো। নিজের দেশের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জিতে উচ্ছ্বাসে ভাসেন তিনি।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

অন্যদিকে, প্রশ্নোত্তর পর্বেও নজর কেড়েছেন ফিলিপাইনের প্রতিযোগী বিয়া। ৭৫ বছর পরও মিস ইউনিভার্সের প্রাসঙ্গিকতা কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবেন, এমন প্রশ্নের উত্তরে নারীদের অতীতের অর্জন, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, ফিলিপাইন এর আগে চারবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। সর্বশেষ ২০১৮ সালে দেশটির হয়ে এই খেতাব অর্জন করেছিলেন ক্যাটরিওনা গ্রে। এবারের আসরে বিয়া তৃতীয় রানারআপ হওয়ায় পঞ্চমবারের মতো মুকুট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো দেশটির।