দীর্ঘ দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। বর্তমানে বাংলাদেশের রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দুতে থাকা এই নেতাকে নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’ গত বুধবার (২৮ জানুয়ারি) একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে তাঁকে ‘বাংলাদেশের প্রত্যাবর্তিত সন্তান’ বা ‘Bangladesh’s Prodigal Son’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে তাঁর বর্তমান অবস্থান ও গুরুত্বকে নতুনভাবে তুলে ধরেছে।
টাইম ম্যাগাজিনের এই প্রতিবেদনে তারেক রহমানকে একজন মৃদুভাষী এবং অন্তর্মুখী মানুষ হিসেবে চিত্রায়িত করা হয়েছে, যিনি কথা বলার চেয়ে অন্যের কথা শুনতেই বেশি পছন্দ করেন। লন্ডনে থাকাকালীন রিচমন্ড পার্কে ঘুরে বেড়ানো কিংবা ইতিহাসের বইয়ে ডুবে থাকা ছিল তাঁর প্রিয় কাজ। মজার ব্যাপার হলো, তাঁর প্রিয় সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’, যা তিনি অন্তত আটবার দেখেছেন বলে জানিয়েছেন। তবে নিজের বর্তমান দায়িত্ব ও দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে তিনি স্পাইডার-ম্যান সিরিজের সেই বিখ্যাত উক্তি ব্যবহার করেছেন—‘মহান শক্তির সাথে মহান দায়িত্ব আসে’। এই দর্শনেই তিনি বর্তমানে দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের সংকল্প নিয়ে এগোচ্ছেন।
তারেক রহমান নিজেকে কেবল একজন রাজনীতিক নন, বরং একজন দক্ষ নীতিনির্ধারক হিসেবেও উপস্থাপন করেছেন। তাঁর বিশাল কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে ভূ-গর্ভস্থ পানির স্তর রক্ষায় ১২ হাজার মাইল খাল খনন, প্রতি বছর ৫ কোটি বৃক্ষরোপণ এবং ঢাকাকে বাসযোগ্য করতে ৫০টি নতুন সবুজ এলাকা তৈরি করা। এ ছাড়াও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, অভিবাসীদের জন্য কারিগরি শিক্ষা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্বের মতো আধুনিক সব পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন। তাঁর বিশ্বাস, এই পরিকল্পনার মাত্র ৩০ শতাংশ বাস্তবায়ন করতে পারলেও তিনি জনগণের পূর্ণ সমর্থন পাবেন।