বছরদুয়েক আগে মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করে আলোচনায় এসেছিলেন মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সেই সময় তার সরল সিদ্ধান্ত যেমন নেটদুনিয়ায় আলোড়ন তুলেছিল, তেমনি এবার ভালোবাসা দিবসে ব্যক্তিজীবনের আবেগঘন এক পোস্টে আবারও মন কাড়লেন তিনি।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নিজের ফেসবুক পেজে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে চমক লিখেছেন,
“এখন আমার কাছে ভালোবাসা মানে পুরনো মানুষটাকে প্রতিদিন নতুন করে খুঁজে নেওয়া, পাশে থাকা, যত্ন করা।”

ভালোবাসার তার সংজ্ঞা বড় কোনো আয়োজন নয়; বরং প্রতিদিনের ছোট ছোট যত্ন, বোঝাপড়া আর একসঙ্গে পথ চলার প্রতিশ্রুতি। পোস্টে নিজের ভবিষ্যৎ জীবনের এক কোমল স্বপ্নও প্রকাশ করেছেন তিনি। চমকের ভাষায়,
“আমার ৬০তম বসন্তে, কুঁচকে যাওয়া হাত তোমার হাতে রেখে এক বসন্ত বিকেল উদ্‌যাপন করতে চাই।”

জীবনের শেষ প্রান্তে প্রিয় মানুষটির সঙ্গে সাধারণ কিছু মুহূর্ত উপভোগ করাই তার সবচেয়ে বড় ইচ্ছা কখনো নরওয়ের কোনো নির্জন গ্রামে বসে কফি খাওয়া, কখনো প্রিয় কবিতা পড়তে পড়তে তার কাঁধে মাথা রাখা। মার্কিন কবি Shel Silverstein এর কবিতার প্রসঙ্গ টেনে তিনি ভালোবাসার মিষ্টি দুষ্টুমির কথাও বলেন
তুমি অন্য মেয়ের দিকে তাকালে তোমার দিকে চোখ রাঙিয়ে তাকাতে চাই।

চমকের ভাষায়, ৬০ বছর বয়সেও তিনি নিজেকে কিশোরী ভাবতে চান প্রিয় মানুষটির কাঁধে মাথা রেখে কবিতা পড়ার সেই সরল সুখে। জীবনের শেষ ইচ্ছার কথা বলতে গিয়ে তিনি আরও যোগ করেন,
“খুব সাধারণ কয়েকটা স্বপ্ন ছিল। প্রায় সবই পূরণ হয়েছে। এখন শুধু তোমার সঙ্গে বৃদ্ধ হতে চাই। এটা পূরণ হলে আর কোনো আফসোস থাকবে না।”

ভালোবাসা দিবসে চমকের এই পোস্ট যেন মনে করিয়ে দেয় আসল ভালোবাসা আড়ম্বর নয়, বরং দীর্ঘ পথচলার সঙ্গীকে প্রতিদিন নতুন করে বেছে নেওয়ার নাম।