নয় মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। পরীক্ষায় মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকার পর গত ২৬ অক্টোবর আবারও শুটিংয়ে ফেরেন এই অভিনেত্রী। অংশ নেন নির্মাতা ইকসান রনির নতুন নাটক ‘অংশীদার’-এর শুটিংয়ে। অবশেষে গত শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি।
পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অংশীদার’। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল।
কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি ও ডলি জহুর।
মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা পাচ্ছে নাটকটি। এখন পর্যন্ত এর ভিউ দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজারে। বিশেষ করে গল্পের সঙ্গে বাস্তব জীবনের মিল খুঁজে পেয়েছেন অনেক দর্শক। সুমাইয়া নামের এক দর্শক মন্তব্যে লিখেছেন, নাটকটি দেখে তিনি কেঁদে ফেলেছেন। তাঁরাও তিন বোন, কোনো ভাই নেই। ছেলেসন্তান না থাকলে বাবার সম্পত্তি ভাইয়ের ছেলেরা পাবে, এমন নিয়মের কথা ভেবে কষ্ট পান তিনি।
ফারজানা নামের আরেক দর্শক জানিয়েছেন, নাটকের গল্পের সঙ্গে তাঁদের পরিবারের বাস্তবতারও অনেক মিল রয়েছে। তাঁরা দুই বোন। বাবা মারা যাওয়ার পর আত্মীয়স্বজনের নানা রূপ দেখেছেন। তবে বাবা জীবিত থাকতেই তাঁদের নামে সম্পত্তির দলিল করে দিয়েছিলেন।
অন্যদিকে, তানিয়া বৃষ্টির অভিনয়ে ফেরার খবরে আনন্দ প্রকাশ করেছেন ভক্তরা। আরোশি নামের এক দর্শক অভিনেত্রীর সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে লিখেছেন, তাঁকে আবার নতুন নাটকে ফিরে পেয়ে ভালো লাগছে। আরেক দর্শকও প্রিয় অভিনেত্রীকে নিয়মিত সুস্থ থেকে নতুন নাটক উপহার দেওয়ার শুভকামনা জানিয়েছেন।
দর্শকদের এমন সাড়ায় উচ্ছ্বসিত নির্মাতা ইকসান রনি। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার ও আত্মমর্যাদার গল্প সবার সামনে তুলে ধরতে চেয়েছেন তাঁরা। মুক্তির মাত্র ২২ ঘণ্টার মধ্যে দর্শকদের কাছ থেকে পাওয়া সাড়া পুরো দলের জন্য বড় অনুপ্রেরণা বলেও জানান তিনি।
তানিয়া বৃষ্টির অভিনয়ে ফেরা নিয়েও কথা বলেছেন নির্মাতা। তাঁর ভাষ্য, গত বছরের শেষ দিকে অভিনেত্রীর সঙ্গে কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থতার খবর পাওয়ায় সেই কাজ আর করা সম্ভব হয়নি। পরে মাসখানেক আগে আবার তাঁদের মধ্যে আলোচনা শুরু হয়। নাটকের গল্প পড়ে তানিয়া নিজেই ফোন করে কাজটি করার আগ্রহ প্রকাশ করেন।
শুটিংয়ের আগে দুই দিন প্রস্তুতিও নিয়েছিলেন তাঁরা। নির্মাতার মতে, অভিনয়ে ফেরার জন্য তানিয়া বেশ উদ্গ্রীব ছিলেন। শুটিংয়ে তাঁকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। পাশাপাশি নিজের চরিত্রেও দারুণ অভিনয় করেছেন এই অভিনেত্রী।