বিয়ের দুই দশক পেরিয়েও সূরিয়া ও জ্যোতিকার ভালোবাসা দেখে মুগ্ধ ভক্তরা। গত সেপ্টেম্বরে স্কটল্যান্ডের একটি প্রাচীন দুর্গে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আবারও বিয়ের শপথ নেন এই তারকা দম্পতি। তাঁদের সেই আয়োজন নিয়ে এবার মজার মন্তব্য করেছেন সূরিয়ার ভাই অভিনেতা কার্তি।
সূরিয়ার আসন্ন সিনেমা ‘সিন’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানে কার্তি বলেন, ভাই ও ভাবির ভালোবাসা দেখে অন্য দম্পতিরা চাপে পড়ছেন। তাঁদের উদাহরণ দিয়ে অনেককে বাড়িতে নানা কথা শুনতে হচ্ছে। এমনকি মজা করে তিনি বলেন, কারও কারও নাকি এ কারণে বাড়িতে খাবারও জোটেনি। তবে পুরো আয়োজনটি যে সত্যিই সুন্দর ছিল, সেটিও উল্লেখ করেন কার্তি।
এ সময় স্ত্রী জ্যোতিকার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সূরিয়া। জীবনের কঠিন সময়ে পাশে থাকা এবং সঠিক পথে চলতে দিকনির্দেশনা দেওয়ার জন্য স্ত্রীকে কৃতিত্ব দেন তিনি। জ্যোতিকাকে সেরা মা, বন্ধু ও জীবনসঙ্গী উল্লেখ করে সূরিয়া বলেন, জীবনে যা-ই ঘটুক, স্ত্রী সব সময় তাঁর পাশে থাকেন।
এদিকে ২০২৬ সালে বক্স অফিসে সাফল্যের ধারায় ফিরেছেন সূরিয়া। তাঁর অভিনীত ‘কারুপ্পু’ বিশ্বব্যাপী ৩১০ কোটি রুপি এবং ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ ২০৯ কোটি রুপি আয় করেছে। এবার জিথু মাধবন পরিচালিত অপরাধ ও রহস্যনির্ভর সিনেমা ‘সিন’ নিয়ে পর্দায় আসছেন তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসলেন ও নাজরিয়া নাজিম। আগামী ৬ নভেম্বর মুক্তির কথা রয়েছে ছবিটির।