মস্তিষ্কে টিউমার, অস্ত্রোপচার, রেডিওথেরাপি ও লাইফ সাপোর্টের মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভারতের চেন্নাইয়ে চিকিৎসার সময় এক চিকিৎসক তাঁকে জানিয়েছিলেন, হয়তো আর সাড়ে চার থেকে পাঁচ বছর আয়ু রয়েছে তাঁর। সেই ভয়াবহ অভিজ্ঞতা পেছনে ফেলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী। প্রায় ১০ মাস বিরতির পর সম্প্রতি ফিরেছেন শুটিংয়ে।
দীর্ঘ বিরতির পর ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তানিয়া। এতে ‘সুমি’ চরিত্রে অভিনয় করছেন তিনি। নতুন করে শুটিংয়ে ফেরাকে দ্বিতীয় জন্মের মতো অনুভূতি বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। চলছে কেমোথেরাপি, বাকি রয়েছে আরও দুই মাসের চিকিৎসা।
তানিয়ার অসুস্থতার শুরু গত বছরের ডিসেম্বরে। নাটকের শুটিং চলাকালে তীব্র মাথাব্যথা ও বমির সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরীক্ষার পর মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। পরবর্তী সময়ে দুটি অস্ত্রোপচার, রেডিওথেরাপি এবং শারীরিক জটিলতার কারণে একপর্যায়ে লাইফ সাপোর্টেও থাকতে হয়েছিল তাঁকে।
এই কঠিন সময়ে মায়ের সেবা, পরিবারের ভালোবাসা ও সহকর্মীদের সহযোগিতা তাঁকে সাহস জুগিয়েছে। অসুস্থতার কারণে সামাজিক মাধ্যমে মৃত্যুর গুজবও ছড়িয়েছিল। তবে সব প্রতিকূলতা পেরিয়ে আবার অভিনয়ে ফিরতে পেরে আশাবাদী তানিয়া। জটিল রোগে আক্রান্তদেরও মনোবল না হারিয়ে চিকিৎসকের পরামর্শ মেনে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।