তামিলনাড়ুর রাজনীতিতে এবার আলোচনায় অভিনেতা ধানুশ। ভক্তদের নিয়ে বিভিন্ন উদ্যোগ, সংগঠনের নাম পরিবর্তন এবং বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাতের খবর ঘিরে জল্পনা তৈরি হয়েছে, তিনি কি রাজনীতিতে নামতে যাচ্ছেন? তবে ধানুশের ঘনিষ্ঠ মহল বলছে, আপাতত অভিনয় নিয়েই ব্যস্ত এই তারকা।

গত ২৫ অক্টোবর চেন্নাইয়ের উপকণ্ঠে নারী ভক্তদের নিয়ে একটি সমাবেশের আয়োজন করেন ধানুশ। সেখানে কয়েক শ ভক্তকে পদ্মফুল খোদাই করা রুপার প্রদীপ উপহার দেন তিনি। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুল হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। এর আগে দিল্লি সফরে বিজেপি নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাতের খবরও প্রকাশিত হয়েছিল।

এদিকে গত ১৪ অক্টোবর নিজের ভক্ত সংগঠনের নাম পরিবর্তন করে ‘ধানুশ ওয়েলফেয়ার মুভমেন্ট’ রাখেন অভিনেতা। সংগঠনটির পক্ষ থেকে তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে পাঠদানকেন্দ্র চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সদস্য ও সাধারণ মানুষের আইনি সহায়তায় রাজ্যজুড়ে তিন হাজার আইন উপদেষ্টা নিয়োগের উদ্যোগের কথাও জানা গেছে।

ধানুশের রাজনৈতিক অবস্থান নিয়ে কংগ্রেস নেতা মানিকম ঠাকুর বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক সমীকরণে বিভ্রান্তি তৈরির অভিযোগ তুলেছেন। অন্যদিকে, এআইএডিএমকের কয়েকজন নেতা ধানুশকে তাঁদের দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ২৭ জুলাই এক অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে ধানুশ বলেছিলেন, শুধু সিনেমা বা গানের অনুষ্ঠানে উপস্থিত থাকলেই হবে না, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আরও বড় কিছু করার চেষ্টা করতে হবে। তাঁর এই বক্তব্যও রাজনৈতিক জল্পনাকে উসকে দিয়েছে।

তবে ধানুশের আগামী সিনেমা ‘ওএম’-এর পরিচালক রাজকুমার পেরিয়াসামি জানিয়েছেন, অভিনেতার রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনার কথা তাঁর জানা নেই। ধানুশ বর্তমানে নিজের ৫৫তম ছবির কাজে ব্যস্ত। পাশাপাশি ৫৬তম ছবির মহরতও সম্পন্ন হয়েছে। ‘ওএম’ আগামী ২০ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।