ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া সহকারী অর্ঘ্যকে নিয়ে নীরবতা ভাঙলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর অনেকেই অভিনেত্রীর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে শ্রাবন্তী জানান, ২০২৪ সাল থেকে অর্ঘ্যের সঙ্গে তাঁর পরিচয়। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তাঁর বিভিন্ন অনুষ্ঠান ও দৈনন্দিন কাজের সময়সূচি পরিচালনার দায়িত্বে ছিল এবং সেই সূত্রেই অর্ঘ্যের সঙ্গে কাজের সম্পর্ক তৈরি হয়েছিল।
বিবৃতিতে অভিনেত্রী লেখেন, সম্প্রতি তিনি জানতে পেরেছেন যে অর্ঘ্য একটি গুরুতর অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত। বিষয়টি তাঁকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছে। তিনি আরও বলেন, অর্ঘ্যের ব্যক্তিগত জীবন বা কর্মকাণ্ড সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না। ঘটনার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ভবিষ্যতে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আর কোনো ধরনের পেশাগত সম্পর্ক রাখবেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকেও তিনি অবহিত করেছেন।
এদিকে গ্রেপ্তার হওয়া অর্ঘ্যের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। আদালতে তোলার পর তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত এবং অভিযোগকারী নারী একই প্রতিষ্ঠানে কাজ করতেন। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল একটি কাজের সূত্রে ওই নারী অর্ঘ্যের বাড়িতে গেলে সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে ১২ জুন ভুক্তভোগী চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে রোববার অভিযুক্ত অর্ঘ্যকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারা যুক্ত করা হয়েছে। সোমবার তাকে হাওড়া আদালতে হাজির করা হলে আদালত জেল হেফাজতের নির্দেশ দেন।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। এ অবস্থায় শ্রাবন্তীর বিবৃতি স্পষ্ট করেছে যে অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি ইতোমধ্যে পেশাগত সম্পর্ক বিচ্ছিন্ন করার পদক্ষেপ নিয়েছেন।