মার্ভেল ভক্তদের জন্য বড় খবর আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আগামী ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও, তার এক দিন আগেই অর্থাৎ ৩০ জুলাই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে এটি দেখতে পাবেন দর্শক। স্টার সিনেপ্লেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির চতুর্থ একক সিনেমা। চলচ্চিত্রে যথারীতি পিটার পার্কারের চরিত্রে দেখা যাবে টম হল্যান্ডকে এবং এমজে চরিত্রে ফিরছেন জেনডায়া। এছাড়াও আগের চরিত্রগুলোর মধ্যে জ্যাকব ব্যাটালন এবং হাল্ক চরিত্রে মার্ক রাফেলো থাকছেন। তবে চমক হিসেবে যুক্ত হয়েছেন ইমান এসফান্দি (এমজের নতুন বয়ফ্রেন্ড) এবং ‘স্ট্রেনঞ্জার থিংস’ খ্যাত সেডি সিঙ্ক। আর সবচেয়ে বড় আকর্ষণ ‘ডেয়ারডেভিল’ সিরিজের পর জন বার্নথাল আবারও তাঁর আইকনিক ‘দ্য পানিশার’ চরিত্রে বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পরের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। ডক্টর স্ট্রেঞ্জের জাদুতে বিশ্ববাসী যখন পিটার পার্কারকে পুরোপুরি ভুলে গেছে, তখন একাকী পিটার নিউইয়র্ক শহরকে রক্ষার দায়িত্ব কাঁধে নেয়। তবে তার অতিমানবীয় শক্তির নতুন বিবর্তন এবং এক নতুন শক্তিশালী শত্রুর আবির্ভাব তাকে চরম মানসিকভাবে পরীক্ষা করবে।

প্রযুক্তিগত দিক থেকেও চলচ্চিত্রটি নতুন ইতিহাস তৈরি করেছে। এটি বিশ্বের প্রথম সিনেমা যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ প্রযুক্তিতে নির্মিত। সাধারণ হলের বদলে এতে মূল পর্দার পাশাপাশি দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হবে, ফলে দর্শকেরা ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউ উপভোগ করার সুযোগ পাবেন। ইতিমধ্যে মুক্তির আগেই সিনেমাটির ট্রেইলার প্রথম ২৪ ঘণ্টাতেই ৭১ কোটি ৮৬ লাখ ভিউ পেয়ে নতুন রেকর্ড তৈরি করেছে।