বড় বাজেটের কোনো সিনেমা বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলে আলোচনা হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ব্যর্থতা নিয়ে উল্লাসে মেতে ওঠা কতটা যুক্তিসংগত? টম ক্রুজ অভিনীত ‘ডিগার’ সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে না পারার পর সম্প্রতি এমন প্রশ্নই তুলেছেন অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফ্লেক। তাঁর মতে, কোনো সিনেমার আর্থিক সাফল্যকেই যদি একমাত্র বিচারের মাপকাঠি বানিয়ে ফেলা হয়, তবে নির্মাতারা নতুন ধরনের গল্প বলার ঝুঁকি নিতে নিরুৎসাহিত হবেন।

সম্প্রতি এক পডকাস্টে কথা বলতে গিয়ে আলেহান্দ্রো গনসালেস ইনারিতু পরিচালিত ‘ডিগার’ সিনেমার বক্স অফিস ফলাফল নিয়ে এই অসন্তোষ প্রকাশ করেন অ্যাফ্লেক। টম ক্রুজের বিগত দুই দশকের সিনেমাগুলোর মধ্যে উত্তর আমেরিকায় সবচেয়ে কম উদ্বোধনী আয় করা ছবিগুলোর একটি এটি। মুক্তির পর প্রত্যাশা অনুযায়ী আয় করতে না পারায় বড় বাজেটের এই ছবি নিয়ে নানা সমালোচনা শুরু হয়। অ্যাফ্লেক মনে করেন, দর্শক ও সমালোচকেরা যখন ছবিকে শুধু আয়ের হিসাব দিয়ে বিচার করেন, তখন প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও ঝুঁকি নেওয়া কমিয়ে দেয়। এর ফলে হলিউডে শেষ পর্যন্ত একঘেয়ে ও অনুমানযোগ্য সিনেমাই প্রাধান্য পাবে, যা সার্বিকভাবে চলচ্চিত্রের সৃজনশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে।