হলিউডের তুমুল জনপ্রিয় তারকা টম ক্রুজ পেতে যাচ্ছেন চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক স্বীকৃতি। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) ৫২তম আজীবন সম্মাননা তথা ‘এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এর জন্য নির্বাচিত হয়েছেন এই অভিনেতা।

আগামী বছরের ২৪ এপ্রিল হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। চার দশকের বেশি সময় ধরে অভিনয় ক্যারিয়ারে বিশ্ব সিনেমার দর্শককে মাতিয়ে রাখা টম ক্রুজ সম্পর্কে এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি জানিয়েছেন, অভিনেতা ও প্রযোজক হিসেবে তিনি নিজের প্রতিটি কাজের প্রতি অসাধারণ নিষ্ঠা দেখিয়েছেন এবং সিনেমার মাধ্যমে মানুষকে একত্র করার শক্তিতে প্রবল বিশ্বাসী। ১৯৮১ সালে অভিনয়জীবন শুরু করা এই তারকার অভিনীত সিনেমার মোট আয়ের পরিমাণ ইতোমধ্যে ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।