প্রথম দিনের রেকর্ড ভাঙার পর দ্বিতীয় দিনেও ভারতীয় বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে টম হল্যান্ডের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। প্রথম দুই দিনে সিনেমাটি ভারতের বাজারে মোট ১২৫ কোটি রুপি (গ্রস) আয় সংগ্রহ করেছে।

প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার রেকর্ড গড়ে সাড়ে ৭০ কোটি রুপি আয়ের পর, দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবারে ছবিটি আনুমানিক ৫৪.৫০ কোটি রুপি (নেট ৪৫ কোটি রুপি) আয় করেছে। সপ্তাহের মাঝামাঝি মুক্তির ক্ষেত্রে দুই দিনের এমন সংগ্রহ স্বাভাবিক ধরা হলেও মুম্বাই এবং দিল্লি-এনসিআরের মতো বড় মেট্রো শহরগুলোতে দর্শক চাহিদা ছিল তুঙ্গে। সেখানে আগের দিনের তুলনায় ছবিটির আয় মাত্র ১০-২০ শতাংশ কমেছে।

৩ডি চার্জ বা অতিরিক্ত ফি অন্তর্ভুক্ত করলে প্রথম দুই দিনে সিনেমাটির মোট আয় প্রায় ১৩৭ কোটি রুপিতে পৌঁছায়। চলতি ৪ দিনের বর্ধিত উইকএন্ড শেষে ভারতের বাজারে এটি অনায়াসেই ২৫০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করবে বলে আশা করছেন বক্স অফিস বিশ্লেষকরা।