মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছে জনপ্রিয় সুপারহিরো ‘স্পাইডার-ম্যান’। সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিকভাবে ৩১ জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও বাংলাদেশের দর্শকেরা ছবিটি দেখার সুযোগ পাবেন আরও আগে। স্টার সিনেপ্লেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্বের অনেক দেশের আগেই ৩০ জুলাই বাংলাদেশে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৮তম চলচ্চিত্র এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ কিস্তি হিসেবে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ছবিটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের মতোই স্পাইডার-ম্যান তথা পিটার পার্কারের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তাঁর সঙ্গে ফিরছেন জেনডায়া ও জ্যাকব ব্যাটালন। পাশাপাশি হাল্ক চরিত্রে আবারও দেখা যাবে মার্ক রাফেলোকে।
তবে এবারের সিনেমার অন্যতম আকর্ষণ নতুন কয়েকটি চরিত্রের সংযোজন। ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা সেডি সিঙ্ককে দেখা যাবে রহস্যময় এক চরিত্রে। এছাড়া অভিনেতা ইমান এসফান্দি অভিনয় করেছেন এমজের নতুন সঙ্গীর ভূমিকায়। ফলে ‘নো ওয়ে হোম’-এর ঘটনার পর পিটার পার্কারের ব্যক্তিগত জীবনে কী পরিবর্তন এসেছে, তা নিয়েও দর্শকদের কৌতূহল তুঙ্গে।
মার্ভেল অনুরাগীদের জন্য সবচেয়ে বড় চমক হতে পারে জন বার্নথালের প্রত্যাবর্তন। জনপ্রিয় চরিত্র ‘ফ্র্যাঙ্ক ক্যাসেল’ বা ‘দ্য পানিশার’ হিসেবে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। ফলে সুপারহিরো অ্যাকশনের পাশাপাশি গল্পে আরও গাঢ় ও জটিল মাত্রা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর সমাপ্তির চার বছর পরের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে নতুন এই সিনেমা। আগের ছবির শেষে ডক্টর স্ট্রেঞ্জের জাদুর ফলে পুরো বিশ্ব পিটার পার্কারের পরিচয় ভুলে যায়। ফলে এবার পিটারকে সম্পূর্ণ একা অবস্থায় দেখা যাবে। কেউ জানে না সে কে, কিন্তু স্পাইডার-ম্যান হিসেবে নিউইয়র্ক শহরকে রক্ষা করার দায়িত্ব তার কাঁধেই রয়ে গেছে।
নতুন গল্পে পিটার পার্কার একদিকে যেমন শহরকে রক্ষার লড়াই চালিয়ে যাবে, অন্যদিকে তাকে মোকাবিলা করতে হবে এক রহস্যময় ও শক্তিশালী নতুন হুমকির। একই সঙ্গে তার অতিমানবীয় শক্তিতেও দেখা দেবে অপ্রত্যাশিত পরিবর্তন। ফলে চরিত্রটির মানসিক দ্বন্দ্ব, একাকিত্ব এবং দায়িত্ববোধ এবার আরও গভীরভাবে তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তিগত দিক থেকেও ছবিটি বিশেষ গুরুত্ব বহন করছে। এটি বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ ফরম্যাটে নির্মিত হয়েছে। স্ক্রিন-এক্স প্রযুক্তির মাধ্যমে শুধু সামনের পর্দা নয়, সিনেমা হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হবে। ফলে দর্শকেরা ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউতে সিনেমা উপভোগ করার সুযোগ পাবেন, যা প্রচলিত সিনেমা দেখার অভিজ্ঞতাকে নতুন মাত্রা দেবে।
মুক্তির আগেই ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ট্রেলার প্রকাশের পর বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। অগ্রিম টিকিট বিক্রিতেও মিলছে সেই আগ্রহের প্রতিফলন। সব মিলিয়ে মার্ভেলের নতুন এই সিনেমা বছরের অন্যতম আলোচিত হলিউড মুক্তি হতে যাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।