ক্রিকেটের পাশাপাশি টেলিভিশনের মঞ্চেও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদাগিরি’ ও ‘বিগ বস বাংলা’র পর এবার স্টার জলসার নতুন রিয়েলিটি শো ‘খেলো বাংলা’ সঞ্চালনা করতে যাচ্ছেন তিনি।
সম্প্রতি প্রকাশিত অনুষ্ঠানের প্রথম প্রমোতে সৌরভের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এর আগে প্রকাশিত ঝলকে সঞ্চালকের পরিচয় গোপন রাখা হয়েছিল। নতুন প্রমোতে অনুষ্ঠানের ধরন সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে।
‘খেলো বাংলা’র বিশেষত্ব হলো, এখানে প্রতিযোগীরাই একে অপরকে প্রশ্ন করবেন এবং উত্তর দেবেন। প্রমোতে এমন এক মেয়ের গল্প দেখানো হয়েছে, যে ছোটবেলা থেকেই নানা বিষয়ে প্রশ্ন করতে ভালোবাসে। পরিবারের সদস্যদের বিরক্তির কারণ হওয়া তার এই অভ্যাসই শেষ পর্যন্ত বড় অঙ্কের অর্থ জয়ের সুযোগ তৈরি করে।
অনুষ্ঠানটিতে আড়াই কোটি রুপির বেশি অর্থ জেতার সুযোগ থাকছে। বড় পুরস্কারের পাশাপাশি সৌরভের সঞ্চালনা নতুন এই আয়োজনের প্রতি দর্শকের আগ্রহ বাড়াতে পারে।