জয়পুরহাটের কালাইয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে মোবাইল ফোন চুরির শিকার হয়েছেন বহু দর্শক। অনুষ্ঠানস্থলে শতাধিক ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ হয়। হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার দর্শক জড়ো হন।

অনুষ্ঠানের নিরাপত্তায় আড়াই শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য, স্কাউট ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করেন। তবে বিপুল দর্শকের ভিড়ের সুযোগ নিয়ে চোর ও পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অনুষ্ঠান শেষে অনেকেই নিজেদের মোবাইল ফোন খুঁজে না পেয়ে থানায় মৌখিক অভিযোগ করেন।

স্থানীয় সূত্রের দাবি, শতাধিক ফোন চুরি হয়ে থাকতে পারে। তবে কালাই থানার ওসি (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানিয়েছেন, প্রাথমিকভাবে অর্ধশতাধিক ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।