বলিউডে তারকাদের মন্তব্য নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে কিছু ঘটনা সময় পেরিয়েও আলোচনায় থেকে যায়। তেমনই একটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী সোনম কাপুর, যিনি একসময় বিশ্বসুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে ‘আন্টি’ বলে সম্বোধন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

ঘটনাটি ২০০৯ সালের। সে সময় একটি আন্তর্জাতিক প্রসাধনী প্রতিষ্ঠানের দীর্ঘদিনের শুভেচ্ছাদূত ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। একই সময়ে সেই প্রতিষ্ঠানের নতুন ভারতীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হন সোনম কাপুর। ফলে কান চলচ্চিত্র উৎসবে দুই প্রজন্মের দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা।

কিন্তু উৎসবের আগেই এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে উল্লেখ করেন সোনম। মন্তব্যটি প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যম এবং বলিউডজুড়ে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। অনেকেই এটিকে অসম্মানজনক ও অপ্রাসঙ্গিক মন্তব্য হিসেবে দেখেন।

সমালোচনার মুখে সোনম অবশ্য নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন। তিনি জানান, ঐশ্বরিয়া তার বাবা অনিল কাপুর-এর সঙ্গে ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ এবং ‘তাল’ সিনেমায় অভিনয় করেছেন। সেই পারিবারিক পরিচয়ের সূত্র ধরেই তিনি ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে সম্বোধন করেছিলেন।

সোনমের ভাষ্য ছিল, ঐশ্বরিয়া তার চেয়ে ভিন্ন প্রজন্মের একজন অভিনেত্রী। তাই ওই সম্বোধনে তার কোনো অসম্মান বা বিদ্বেষের উদ্দেশ্য ছিল না।

তবে বলিউডের অনেকেই বিষয়টিকে ইতিবাচকভাবে নেননি। ঐশ্বরিয়ার ভক্তদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের অনেকের মতে, একজন সিনিয়র সহকর্মীকে এভাবে সম্বোধন করা পেশাদার আচরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না।

সে সময় বলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছিল যে, মন্তব্যটি নিয়ে বিরক্ত হয়েছিলেন ঐশ্বরিয়া। এমনও শোনা যায়, একই ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় সোনমের সঙ্গে উপস্থিত হতে তিনি অনাগ্রহ দেখিয়েছিলেন। যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো মন্তব্য করেননি।

পরে সময়ের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। সোনমও পরবর্তী সময়ে ইঙ্গিত দেন যে, বিষয়টি আরও পরিণতভাবে সামাল দেওয়া যেত।

বহু বছর পেরিয়ে গেলেও ‘আন্টি’ মন্তব্যটি এখনো বলিউডের অন্যতম আলোচিত বিতর্ক হিসেবে স্মরণ করা হয়। দুই প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেত্রীকে ঘিরে এই ঘটনা আজও বিনোদন অঙ্গনের বহুল আলোচিত প্রসঙ্গগুলোর একটি।