চলছে ফিফা বিশ্বকাপ। চারদিকে ফুটবল নিয়ে উন্মাদনা আর টানটান উত্তেজনা। এর মধ্যেই শ্রোতাদের মাঝে রোমান্টিকতার আমেজ ছড়িয়ে দিতে নতুন গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। তবে এবারের গানটি শুধু শোনার জন্যই নয়, বরং এর মিউজিক ভিডিওতে মডেল ও অভিনেত্রী অলংকার চৌধুরীর দুর্দান্ত পারফরম্যান্স দর্শকদের মাঝে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

‘বসন্তের কোকিল’ শিরোনামের এই ড্যান্স নাম্বার ঘরানার গানটি প্রকাশিত হয়েছে অনুপম মিউজিকের ব্যানারে। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে গানটি শ্রোতা-দর্শকদের বেশ ভালো সাড়া পাচ্ছে। গানটির কথা লিখেছেন রণক রায়হান। এর প্রাণবন্ত সুর ও চমৎকার সংগীতায়োজন করেছেন আকাশ সেন যিনি এর আগে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’-এর মতো বেশ কয়েকটি ব্লকবাস্টার হিট গান উপহার দিয়েছেন।

নতুন এই গান নিয়ে উচ্ছ্বসিত সিঁথি সাহা জানান, গানটি গাওয়ার সময় তিনি নিজে ভীষণ আনন্দ পেয়েছেন। এর কথা ও সুর এতটাই প্রাণবন্ত যে মিউজিক ভিডিওটি দেখলেই যে কারও মন ভালো হয়ে যাবে। প্রকাশের পর থেকে দর্শকদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা ও ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন, তা তাঁকে আগামীতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাচ্ছে। গানটি দীর্ঘদিন শ্রোতাদের পছন্দের তালিকায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উৎসবে মেতে ওঠার আমেজ আর একটি মিষ্টি ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে এই মিউজিক ভিডিওটি। এতে অলংকার চৌধুরীর সাথে জুটি বেঁধেছেন শিফাত আমিন শুভ। ভিডিওটির পরিচালনা, চিত্রগ্রহণ ও নিখুঁত সম্পাদনার কাজটি একহাতে সামলেছেন চন্দন রায় চৌধুরী। অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন জানান, বর্তমানে ইন্ডাস্ট্রিতে মানসম্মত গান তৈরি ও প্রকাশের সংখ্যা কিছুটা কমে গেছে। সেই অভাব পূরণের লক্ষ্যেই তাঁরা নতুন গান ও আকর্ষণীয় ভিডিও প্রকাশের একটি বড় প্রজেক্ট হাতে নিয়েছেন, যার প্রথম চমৎকার উপহার এই ‘বসন্তের কোকিল’।