জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক প্রথম আলোকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালিসিসের পাশাপাশি সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও বিভিন্ন সংক্রমণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এরশাদুল হক জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয় সাহেদকে। চিকিৎসাধীন অবস্থায় মৃদু স্ট্রোকের পর কথা বলতেও সমস্যা হচ্ছিল তাঁর। পরে ডেঙ্গু শনাক্ত হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। কিডনি সমস্যার পাশাপাশি ছত্রাক সংক্রমণ, হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহসহ নানা জটিলতায় ভুগছিলেন এই শিল্পী।
অসুস্থতার কারণে থেমে যায় তাঁর দীর্ঘদিনের সংগীত আয়োজন। ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পরিকল্পনা ছিল। এ উপলক্ষে ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠানের আয়োজন করার কথা থাকলেও অসুস্থতার কারণে তা বাতিল করা হয়। পরে কিডনি প্রতিস্থাপনের জন্য দিল্লি যাওয়ার প্রস্তুতিও ছিল তাঁর। কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।
শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা শুরু করা এই শিল্পী ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। ১৯৯১ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।