বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা শিল্পা রাও সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। ‘বলিউড মিউজিক প্রজেক্ট’-এর দশম বর্ষপূর্তির আয়োজনে পারফরম্যান্স চলাকালে হঠাৎ তাঁর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে নিভিয়ে দেওয়া হয় মঞ্চের আলো। এ ঘটনায় অনুষ্ঠানস্থলে হট্টগোল তৈরি হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেন শিল্পা। তাঁর স্বামীও ঘটনাটিকে দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন।

‘ঘুঙরু’, ‘চালেয়া’, ‘বেশরম রঙ’, ‘ছুট্টামালে’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে পরিচিতি পেয়েছেন শিল্পা। ‘জওয়ান’ সিনেমার ‘চালেয়া’ গানের জন্য ২০২৫ সালে শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এ ছাড়া সেতার বাদক আনুশকা শঙ্করের ‘লাভ লেটার্স’ অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন শিল্পা। অ্যালবামটি ২০২১ সালে গ্র্যামি মনোনয়ন পেয়েছিল।

তবে সংগীতজগতে তাঁর প্রতিষ্ঠা পাওয়ার পথ সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে কণ্ঠের কারণে বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন তিনি। চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ পাওয়ার আগে প্রায় তিন বছর বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন। ক্যাডবেরি মাঞ্চ, সানসিল্ক ও অ্যাঙ্কর জেলের বিজ্ঞাপনে কাজের পাশাপাশি সংগীত পরিচালক শঙ্কর মহাদেবনের নির্দেশনায় স্টুডিও রেকর্ডিংয়ের অভিজ্ঞতা অর্জন করেন।

শিল্পা রাওয়ের আসল নাম অপেক্ষা রাও। জামশেদপুরে জন্ম নেওয়া এই গায়িকা বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার আগে নাম পরিবর্তন করেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সৃজনশীল কাজের সঙ্গে ‘শিল্প’ শব্দের সম্পর্ক থাকায় শিল্পা নামটি তাঁর শিল্পীসত্তার সঙ্গে বেশি মানানসই মনে হয়েছিল।