‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেঁধে দর্শকদের নজর কাড়েন চিত্রনায়ক শরিফুল রাজ ও অভিনেত্রী সাবিলা নূর। সিনেমাটি মুক্তির পর এই জুটিকে নিয়ে শোবিজ অঙ্গনে বেশ আলোচনা তৈরি হয়েছিল। এবার শোনা যাচ্ছে, নতুন আরেকটি সিনেমায়ও একসঙ্গে দেখা যেতে পারে তাদের।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নাট্যনির্মাতা জোবায়ের ইবনে বকর তার প্রথম চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। আর সেই সিনেমার প্রধান দুই চরিত্রে শরিফুল রাজ ও সাবিলা নূরকে ভাবা হচ্ছে। ইতোমধ্যে সিনেমাটির চিত্রনাট্যের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং প্রযোজনা প্রতিষ্ঠানও চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
সূত্র আরও জানিয়েছে, দেশের একটি সফল প্রযোজনা প্রতিষ্ঠান নতুন এই চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে রাজি নন নির্মাতা জোবায়ের ইবনে বকর। তিনি বলেন, ‘সিনেমা নির্মাণ আমার দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছি। এখনও সবকিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
এদিকে শরিফুল রাজও সম্ভাব্য এই প্রকল্প নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তার ভাষ্য, বিভিন্ন সময় নানা সিনেমার গল্প ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়, তবে সব আলোচনা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয় না। তাই চূড়ান্ত সিদ্ধান্তের আগে কোনো মন্তব্য করতে চান না তিনি।
যদিও সংশ্লিষ্ট কেউই আনুষ্ঠানিকভাবে জুটির বিষয়টি নিশ্চিত করেননি, তবুও রাজ-সাবিলা জুটিকে আবারও বড় পর্দায় দেখার সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।