লাতিন পপসংগীতের বিশ্বতারকা শাকিরা আবারও প্রমাণ করলেন, তার জনপ্রিয়তার কোনো সীমা নেই। ব্রাজিলের রিও ডি জেনেইরোর বিখ্যাত কোপাকাবানা সৈকতে অনুষ্ঠিত তার সাম্প্রতিক কনসার্টে উপস্থিত হয়েছিলেন প্রায় ২০ লাখ দর্শক।

শনিবার রাতে পূর্ণিমার আলোয় আয়োজিত এই বিশাল কনসার্ট ছিল সবার জন্য উন্মুক্ত। নির্ধারিত সময়ের কিছুটা পরে মঞ্চে উঠলেও, দর্শকদের উচ্ছ্বাসে এতটুকু ভাটা পড়েনি। বরং সময় যত গড়িয়েছে, উত্তেজনা ততই বেড়েছে।

মঞ্চে ওঠার মুহূর্তে আকাশজুড়ে ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় শাকিরার বিখ্যাত ডাকনাম ‘শি উলফ’। সেই মনোমুগ্ধকর দৃশ্য মুহূর্তেই কনসার্টকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। এরপর একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে তিনি লাখো ভক্তকে মুগ্ধ করেন।

এই ঐতিহাসিক কনসার্টে অংশ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। কেউ ঘণ্টার পর ঘণ্টা ভ্রমণ করে, কেউ আবার আগের রাত থেকেই সৈকতে অবস্থান নেন। তাদের একটাই লক্ষ্য প্রিয় শিল্পীকে এক নজর দেখা এবং তার গানে গলা মেলানো।

অনেক ভক্তের কাছে শাকিরা শুধু একজন শিল্পী নন, তিনি অনুপ্রেরণার নাম। নিজের স্বকীয়তা, শক্তি এবং শিল্পীসত্তা দিয়ে তিনি বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। রিওর এই কনসার্ট যেন তারই আরেক উজ্জ্বল প্রমাণ।