ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের হাত ধরে রূপালি পর্দায় পরিবর্তনের যে হাওয়া বইছে, তার নতুন উদাহরণ হয়ে এল ‘রকস্টার’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার (২ মে) প্রকাশিত হলো শাকিব খান অভিনীত আসন্ন এই সিনেমার অফিশিয়াল এনিমেটেড টিজার। শাকিব নিজেই তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে টিজারটি শেয়ার করে ভক্তদের মাঝে নতুন করে উন্মাদনা ছড়িয়ে দিয়েছেন। টিজারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবের নতুন লুক ও গল্পের ধরন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
প্রকাশিত টিজারটির সূচনা হয় এক গভীর রূপক ও শৈল্পিক আবহে। নীল আকাশে ডানা মেলে উড়া একটি সাদা পাখি যেন এক মুক্ত প্রাণের প্রতীক। কিন্তু হঠাৎ বজ্রাঘাতে পাখিটির পতন এবং মাটিতে আছড়ে পড়ার দৃশ্যটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠে এক ছোট্ট বালকের শৈশব এবং তার বড় হয়ে ‘কিংবদন্তি রকস্টার’ হওয়ার লালিত স্বপ্ন। টিজারের পরবর্তী অংশে শাকিব খানকে দেখা যায় একজন প্রকৃত রকস্টারের মেজাজে। গিটার হাতে জনবহুল কনসার্টের উন্মাদনা, মুখে সিগারেট আর চোখে রোদচশমা সব মিলিয়ে এক মারকুটে ও বোহেমিয়ান অবতারে হাজির হয়েছেন তিনি।
টিজারের সবচেয়ে নজরকাড়া দৃশ্যটি ছিল এনিমেটেড দৃশ্যপটে একটি গাড়ির ওপর গিটার হাতে শাকিবের শুয়ে থাকার মুহূর্তটি, যা তাঁর চরিত্রের ড্যাশিং ইমেজকে ফুটিয়ে তুলেছে। আজমান রুশোর পরিচালনায় নির্মিত এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত এই বিগ বাজেটের প্রজেক্টটি আসন্ন ঈদুল আযহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘রাজকুমার’ বা ‘তুফান’-এর পর ‘রকস্টার’ শাকিব খানের ক্যারিয়ারে নতুন কোনো রেকর্ড গড়ে কি না, এখন সেটিই দেখার অপেক্ষায় ভক্তরা।