দীর্ঘ প্রতীক্ষা আর ডিসিপি জটিলতা কাটিয়ে গতকাল স্টার সিনেপ্লেক্সে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ ফিরলেও, চব্বিশ ঘণ্টা পার না হতেই নতুন করে চরম অব্যবস্থাপনার মুখে পড়েছে সিনেমাটি। যান্ত্রিক ত্রুটির কারণে আজ সিনেমাটি প্রদর্শনের সময় সাউন্ড ও ভিডিওর মধ্যে তালমিলহীনতা দেখা গেছে। কখনও ভিডিও চললে সাউন্ড শোনা যাচ্ছে না, আবার কখনও সাউন্ড ঠিক থাকলেও ভিডিও আটকে যাচ্ছে। এমন কারিগরি গোলযোগের কারণে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সাধারণ দর্শক ও শাকিব ভক্তরা ক্ষুব্ধ হয়ে মাঝপথেই হল ত্যাগ করছেন।
সিনেমার দর্শকদের অভিযোগ, প্রদর্শন চলাকালীন হঠাৎ করেই এক দৃশ্য থেকে অন্য দৃশ্যে লাফিয়ে চলে যাচ্ছে। এতে গল্পের ধারাবাহিকতা সম্পূর্ণ নষ্ট হচ্ছে এবং পর্দায় আসলে কী ঘটছে তা বুঝতে হিমশিম খাচ্ছেন দর্শকরা। বারবার সিনেমা বন্ধ হয়ে যাওয়া এবং পুনরায় শুরু হওয়ার পর নতুন দৃশ্যের অবতারণা হওয়ায় টিকিট কেটেও সিনেমা দেখার আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বিশেষ করে শাকিব ভক্তদের মধ্যে এই নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
অনেক ভক্ত এই ঘটনাকে নিছক কারিগরি ত্রুটি হিসেবে মানতে নারাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত ক্ষোভ প্রকাশ করে দাবি করেন যে, শাকিবের ‘প্রিন্স’ নিয়ে এক ধরণের চক্রান্ত চলছে। তাঁর মতে, সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ বার দৃশ্য নিজে নিজেই পরিবর্তিত হয়ে গেছে, যা অগ্রহণযোগ্য। ডিসিপি সমস্যার পর এবার সিনেপ্লেক্সের এই ধরণের কারিগরি বিভ্রাট সিনেমাটির ব্যবসায়িক সাফল্যে বড় ধরণের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।