ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য বিশেষ উপহার। তবে এবারের ২৮ মার্চটা যেন একটু বেশিই চমকপ্রদ হয়ে ধরা দিল। সাধারণত পর্দায় রোমান্টিক হিরো বা অ্যাকশন লুকে দেখা গেলেও, নিজের জন্মদিনে শাকিব ধরা দিলেন একেবারে অচেনা ও বিধ্বংসী এক ‘রকস্টার’ লুকে। আজ দুপুর ১২টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পর থেকেই নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।
বর্তমানে মালয়েশিয়ার মনোরম লোকেশনে এই সিনেমার শুটিং চলছে। পরিচালক আজমান রুশোর এই বিগ বাজেট প্রজেক্টে শাকিবের বিপরীতে অভিনয় করছেন তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূর। গতকাল শুটিং সেটের একটি ছোট ক্লিপ ফাঁস হওয়ার পর থেকেই ভক্তদের মাঝে উত্তেজনা ছিল তুঙ্গে। আজ অফিশিয়াল লুক প্রকাশের পর ভক্ত ও সমালোচকরা বলছেন, দীর্ঘ ক্যারিয়ারে এটিই শাকিবের সবচেয়ে স্টাইলিশ এবং সেরা মেকওভার হতে যাচ্ছে। লম্বা চুল, কানে দুল আর রকস্টারের সেই চিরচেনা অ্যাটিটিউডে শাকিবকে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।
অন্যদিকে, প্রেক্ষাগৃহে শাকিবের আরেক সিনেমা ‘প্রিন্স’ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তেই ‘রকস্টার’ দিয়ে নতুন ঝড়ের আভাস দিলেন কিং খান। জন্মদিনের এই বিশেষ উপহার শাকিব ভক্তদের জন্য এক বড় চমক হিসেবেই দেখা হচ্ছে। মালয়েশিয়ার শুটিং শেষে সিনেমাটি দ্রুতই পোস্ট-প্রোডাকশনে যাবে বলে জানা গেছে।