টেলিভিশন নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী ও ইন্তেখাব দিনারের ক্যারিয়ারে রয়েছে মঞ্চের অভিজ্ঞতাও। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনজন। আলাদাভাবে একাধিক সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম একই চলচ্চিত্রে দেখা যাবে এই তিন অভিনয়শিল্পীকে। সিনেমাটির নাম ‘খলনায়ক’।

‘খলনায়ক’ নির্মাণ করছেন ছোটপর্দা ও ওটিটির পরিচিত নির্মাতা ভিকি জাহেদ। নাটক ও ওয়েব কনটেন্টে নিজের আলাদা নির্মাণশৈলী তৈরি করা এই পরিচালকের এটি প্রথম চলচ্চিত্র। তবে সিনেমাটি নিয়ে শুরু থেকেই কঠোর গোপনীয়তা বজায় রাখছেন তিনি।

ছবির কাজ শুরুর আগে তো বটেই, শুটিং চলাকালেও সিনেমাটি নিয়ে বিস্তারিত জানাতে রাজি হননি ভিকি। এমনকি তিনি যে চলচ্চিত্র নির্মাণ করছেন, সেটিও সরাসরি স্বীকার করেননি। নির্মাতার এই নীরবতার মধ্যেই কলকাতায় ‘খলনায়ক’-এর প্রথম লটের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছে ছবিসংশ্লিষ্ট একাধিক সূত্র।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো ও তমা মির্জা। এটি তাদের তৃতীয় চলচ্চিত্র। প্রথম লটের শুটিংয়ে তারাও অংশ নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘খলনায়ক’-এ অভিনয় করা কয়েকজন শিল্পী জানিয়েছেন, বেশ আনন্দ নিয়েই শুটিং করেছেন তারা। সিনেমাটিতে শহীদুজ্জামান সেলিমকে দেখা যাবে শেয়ারবাজারের একজন বড় ব্যবসায়ীর চরিত্রে। মজার বিষয় হলো, একই ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনারও। তবে চরিত্র দুটির সম্পর্ক কিংবা গল্পে তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত জানাতে চাননি সেলিম।

সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্ট শহীদুজ্জামান সেলিম। ভিকি জাহেদের সঙ্গে এটিই তার প্রথম কাজ। নির্মাতার কাজের ধরন প্রসঙ্গে সেলিম বলেন, “ভিকির সঙ্গে এটা প্রথম কাজ। তবে কাজ করতে গিয়ে মনে হয়েছে, টেকনিক্যালি সে অনেক সমৃদ্ধ। পর্দায় চরিত্রের উপস্থাপনের ব্যাপারেও ভীষণ সিরিয়াস। একটা দারুণ কাজ হতে যাচ্ছে।”

শহীদুজ্জামান সেলিম ও ইন্তেখাব দিনারের পাশাপাশি একই সিনেমায় থাকছেন চঞ্চল চৌধুরীও। তবে তার চরিত্র সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। গল্প ও চরিত্র নিয়ে নির্মাতা এবং অভিনয়শিল্পীদের নীরবতায় সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

‘খলনায়ক’ কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ভিকি জাহেদ এর আগে ‘পুনর্জন্ম’সহ একাধিক ওয়েব কনটেন্ট নির্মাণ করে দর্শকদের মধ্যে পরিচিতি পেয়েছেন। এবার চলচ্চিত্রে তার অভিষেক নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

তবে ‘খলনায়ক’ নামটি ঢালিউডে নতুন নয়। এর আগে ১৯৯৬ সালে একই নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল। মনতাজুর রহমান আকবর পরিচালিত সেই ছবিতে অভিনয় করেছিলেন মান্না।