বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত অফিশিয়াল গান ‘সির সির’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফতেহি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার নতুন গান নিয়ে ফিরছেন এই দুই শিল্পী। আগামী ২৯ জুন প্রকাশিত হবে তাদের নতুন গান ‘চ্যাম্পিয়ান’।
ডালাস থেকে সঞ্জয় দেব জানান, ‘চ্যাম্পিয়ান’ শুধু খেলাধুলার জয় নয়, জীবনের প্রতিটি সাফল্য, সংগ্রাম এবং অর্জনের উদযাপনের বার্তা বহন করবে।
সঞ্জয়ের ভাষায়, ‘এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক এবং ইতিবাচক শক্তি পাক। “চ্যাম্পিয়ান” সবাইকে বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।’
গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন সঞ্জয় দেব নিজেই। প্রায় দুই মাস ধরে গানটির কাজ চলেছে। বিশ্বকাপের আবহেই এটি প্রকাশের পরিকল্পনা করেছিলেন তিনি ও নোরা ফতেহি।
জানা গেছে, ‘চ্যাম্পিয়ান’-এর মিউজিক ভিডিওর শুটিং হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। মাত্র দুই দিনের সফরে গিয়ে এক দিনেই ভিডিওটির শুটিং শেষ করেন সঞ্জয় ও নোরা। সঞ্জয়ের মতে, জানজিবারের মনোমুগ্ধকর সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্য গানটির দৃশ্যায়নে ভিন্ন মাত্রা যোগ করেছে।
গান প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রচারণা শুরু করেছেন দুই শিল্পী। সম্প্রতি নোরা ফতেহি ফেসবুকে লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই “চ্যাম্পিয়ান”-এর জন্য প্রস্তুত তো?’ তার এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে গানটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে।
এদিকে নতুন গান প্রকাশের পাশাপাশি বিশ্বকাপ ফুটবলের আমেজেও ব্যস্ত সময় কাটাচ্ছেন সঞ্জয় দেব। বাংলাদেশ সময় শনিবার সকালে ডালাসে বসে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ উপভোগ করার কথা রয়েছে তার। এবারের বিশ্বকাপে এটি হবে স্টেডিয়ামে বসে দেখা তার তৃতীয় ম্যাচ। এর আগে কানাডা-বসনিয়া এবং স্পেন-সৌদি আরবের ম্যাচও মাঠে বসে দেখেছেন তিনি।
তবে এবার তার জন্য সবচেয়ে বড় আকর্ষণ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে সরাসরি মাঠে দেখা। এ প্রসঙ্গে সঞ্জয় বলেন, ‘মেসি একজন জীবন্ত কিংবদন্তি। টেলিভিশনে বহুবার তার খেলা দেখেছি, কিন্তু মাঠে বসে তাকে দেখা একেবারেই অন্যরকম অনুভূতি। একজন ফুটবলপ্রেমী হিসেবে এটি আমার জীবনের স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি হতে যাচ্ছে।’