ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা এখন তুঙ্গে। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা যখন প্রিয় দলের জয়ে মেতে উঠছেন, ঠিক তখনই সংগীত ও ফুটবলের মেলবন্ধনে এক নতুন চমক নিয়ে হাজির হলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বলিউড তারকা নোরা ফাতেহীর সঙ্গে অফিশিয়াল গান ‘সির সির’ পরিবেশন করে বিশ্বমঞ্চে ঝড় তোলার পর, এই জুটি এবার নিয়ে আসছেন তাঁদের পরবর্তী গান ‘চ্যাম্পিয়ান’। আগামী ২৯ জুন গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে।

নতুন এই গানটি নিয়ে শ্রোতাদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ডালাস থেকে এক সাক্ষাৎকারে সঞ্জয় দেব জানান, ‘চ্যাম্পিয়ান’ গানটি মূলত জীবনের যেকোনো অর্জন, সংগ্রাম এবং সাফল্য উদযাপনের বার্তা দেবে। এটি কেবল মাঠের খেলার জয় নয়, বরং সাধারণ মানুষের জীবনের প্রতিটি ইতিবাচক শক্তি ও বিজয়ী হওয়ার অনুভূতিকে ফুটিয়ে তুলবে। গানটির কথা লেখার পাশাপাশি এর সুর ও সংগীত পরিচালনাও করেছেন সঞ্জয় নিজেই। ফুটবল বিশ্বকাপের এই মাহেন্দ্রক্ষণকে মাথায় রেখেই গত দুই মাস ধরে গানটির কাজ গুছিয়েছেন তাঁরা।

গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার মনোরম দ্বীপ জানজিবারে। সমুদ্রঘেরা চমৎকার ও চোখজুড়ানো প্রাকৃতিক পরিবেশে মাত্র একদিনের মধ্যেই পুরো শুটিংয়ের কাজ শেষ করেন সঞ্জয় ও নোরা। গানটি প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রচারণা শুরু করেছেন তাঁরা। নোরা ফাতেহী তাঁর ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই চ্যাম্পিয়ানের জন্য প্রস্তুত তো?’ যা অনুরাগীদের মাঝে গানটি নিয়ে কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছে।

নতুন গান প্রকাশের ব্যস্ততার পাশাপাশি স্টেডিয়ামে বসে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করছেন সিলেটের সন্তান সঞ্জয়। ইতিমধ্যে কানাডা-বসনিয়া এবং স্পেন-সৌদি আরবের ম্যাচ সরাসরি মাঠে বসে দেখার পর, আজ ডালাসের মাঠে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচটি তাঁর জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হতে যাচ্ছে। কারণ, এবারই প্রথম তিনি গ্যালারিতে বসে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসির খেলা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন, যা একজন ফুটবলপ্রেমী হিসেবে তাঁর জীবনের অন্যতম সেরা প্রাপ্তি।