দেশে জ্বালানি তেলের মূল্য রেকর্ড পরিমাণে বৃদ্ধির ঘোষণার পর থেকেই সর্বস্তরের মানুষের মাঝে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া। সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সোচ্চার হয়েছেন শোবিজ তারকাদের অনেকেই। এবার জ্বালানি তেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে নিজের ক্ষোভ ও চিন্তা প্রকাশ করে ফেসবুকে ব্যতিক্রমী এক বার্তা দিয়েছেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী সমীরা খান মাহি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মাহি তেলের লাগামহীন দাম নিয়ে রিঅ্যাক্ট করে লিখেছেন, “অকটেনের দাম দেখে সিদ্ধান্ত পাকা! এবার অকটেন বাদ, Electric বা Hybrid-এই যাই! আপনিও সময় থাকতে বুদ্ধিমান হয়ে যান!” তেলের অতিরিক্ত খরচের হাত থেকে বাঁচতে প্রচলিত জ্বালানিচালিত গাড়ি ছেড়ে হাইব্রিড কিংবা বৈদ্যুতিক যানবাহনের (ইভি) দিকে ঝুঁকার এই সিদ্ধান্ত দ্রুত নেওয়ার জন্য ভক্তদেরও পরামর্শ দিয়েছেন এই তারকা।
সমীরা খান মাহির এই পোস্ট সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরই তা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। পোস্টটির কমেন্ট বক্সে তেলের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত খরচ একলাফে বেড়ে যাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেক ভক্ত ও সাধারণ অনুরাগী। মাহির এই হাস্যরসাত্মক কিন্তু বাস্তবমুখী মন্তব্যকে অনেকেই সমর্থন জানিয়ে বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জ্বালানিনির্ভরতা কমানোই বুদ্ধিমানের কাজ।