আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের মঞ্চে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি। আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৫৪তম আসরে পুরস্কার উপস্থাপন করবেন তিনি। আয়োজনে প্রথম ভারতীয় হিসেবে উপস্থাপকের দায়িত্ব পেতে যাচ্ছেন এই অভিনেতা।

এর আগে ২০১৬ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৬৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উপস্থাপন করেছিলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রাইমটাইম এমি ও আন্তর্জাতিক এমি আলাদা আয়োজন। সে কারণে আন্তর্জাতিক এমির মঞ্চে বিজয়ের এই উপস্থিতি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন বিজয়। তাঁর পরবর্তী সিনেমা নির্মাতা মণি রত্নমের ‘ইঞ্জি বেললাম’। এতে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন সাই পল্লবী।

অন্যদিকে, বিজয়ের ২০২৪ সালের তামিল থ্রিলার ‘মহারাজা’ হলিউডে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। চীনে সিনেমাটির সাফল্যের পর হলিউডের একটি প্রযোজনা সংস্থা রিমেকের স্বত্ব পেতে নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক সুধন সুন্দরম।

দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সুধন জানান, চীনের প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্মে ভালো সাড়া পেয়েছে সিনেমাটি। স্যাকনিলকের তথ্য অনুযায়ী, দেশটিতে ছবিটির আয় ৯১ কোটি ৬৫ লাখ রুপি। হলিউডের একজন প্রথম সারির অভিনেতাকে যুক্ত করে প্রকল্পটি এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছর শুটিং শুরু হতে পারে।

এদিকে ‘মহারাজা’র হলিউড সংস্করণে ম্যাথিউ ম্যাককনাহির অভিনয়ের গুঞ্জন ছড়ালেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রযোজক জানিয়েছেন, তাঁর নাম আলোচনায় থাকতে পারে। তবে অভিনয়শিল্পী ও প্রযোজনা সংক্রান্ত চূড়ান্ত তথ্য সংশ্লিষ্ট হলিউড সংস্থাই জানাবে।