ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন লুক ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। লাল রঙের নকশা করা ট্র্যাডিশনাল পোশাক, রঙিন ওড়না, বড় ঝুমকা ও হাতে চুড়ি, সঙ্গে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। সব মিলিয়ে চেনা সাজের বাইরে এক ভিন্ন রূপে ধরা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু। ছবিগুলোতে কখনো মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে, কখনো বসে কিংবা ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাঁকে।

অপুর ব্যতিক্রমী সাজে মুগ্ধ হয়েছেন ভক্তরা। মন্তব্যের ঘরে কেউ তাঁকে ‘আগুন’ বলে প্রশংসা করেছেন, আবার কেউ তুলনা করেছেন বলিউড অভিনেত্রীদের সঙ্গে।

ছবির ক্যাপশনে নিজের জীবনদর্শনও তুলে ধরেছেন নায়িকা। তিনি লিখেছেন, ‘প্রতিযোগিতা আমি নিজের সাথেই করি, কারণ আয়নায় দেখা মানুষটার চেয়ে উন্নত হওয়াটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য আর বড় লড়াই।’