দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় ফিরছেন বলিউড নবাব সাইফ আলি খান। ‘স্যাক্রেড গেমস’-এর আইকনিক চরিত্র সারতাজ সিংয়ের পর এবার নেটফ্লিক্সের মৌলিক সিনেমা ‘কর্তব্য’-এ দুর্ধর্ষ লুকে দেখা যাবে তাকে। আগামী ১৫ মে থেকে ওটিটি প্ল্যাটফর্মটিতে সিনেমাটির স্ট্রিমিং শুরু হতে যাচ্ছে।

শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন পুলকিত। সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন সৎ পুলিশ অফিসারকে কেন্দ্র করে, যিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের পরিবারের নিরাপত্তা ও নৈতিকতার এক চরম দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। প্রত্যন্ত অঞ্চলের পটভূমিতে নির্মিত এই থ্রিলারে সাইফ আলি খানের পাশাপাশি অভিনয় করেছেন রসিকা দুগ্গাল, সঞ্জয় মিশ্র ও জাকির হোসেনের মতো শক্তিশালী অভিনেতারা।

সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে কারণ সাইফকে অপরাধ দমনের এক বহুমাত্রিক ও চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে। ‘কর্তব্য’ ছাড়াও নেটফ্লিক্সে তাঁর আরও একটি প্রতীক্ষিত কাজ হলো ‘হাম হিন্দুস্তানি’, যেখানে তিনি ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া এ বছরের শেষের দিকে বড় পর্দায় অক্ষয় কুমারের সঙ্গে তাঁর ‘হাইওয়ান’ ছবিটিও মুক্তির কথা রয়েছে। সব মিলিয়ে ২০২৬ সালটি সাইফ ভক্তদের জন্য দারুণ সব চমক নিয়ে আসছে।