‘হালদা’ ও ‘ছিটকিনি’-র পর নতুন সিনেমার কাজ শুরু করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সিনেমাটির নাম ‘জলপবন’। হাওর অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম ও প্রতীক্ষার আবহ নিয়ে তৈরি এই সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে সুনামগঞ্জে অবস্থান করছেন তিনি। ভাইব নিউজে এক প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।
তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় চলতি মাসের ১৫ তারিখ থেকে সুনামগঞ্জের হাওর এলাকায় দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে, যা চলবে পুরো মাসজুড়ে। সিনেমাটিতে ‘নিরালা’ নামের একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রুনা খান। চরিত্রটি পছন্দ হওয়ায় নতুন এই প্রজেক্টে যুক্ত হয়েছেন বলে জানান তিনি।
এ প্রসঙ্গে রুনা খান আশাবাদ ব্যক্ত করে জানান, গল্পের ভিন্নতা ও রুচিশীল নির্মাণশৈলীর কারণে দর্শকরা ভালো কিছু উপহার পেতে যাচ্ছেন। এই সিনেমায় রুনা খানের সহশিল্পী হিসেবে অভিনয় করছেন তরুণ অভিনেতা সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক।
শুটিংয়ের কাজে ব্যস্ত থাকলেও রুনা খান অভিনীত বেশ কয়েকটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’, মাসুদ পথিকের ‘বক’ এবং কৌশিক শংকর দাসের ‘দাফন’ সিনেমা তিনটি খুব শিগগিরই প্রেক্ষাগৃহে আসবে।