দেশভাগের পর পশ্চিমবঙ্গের বহরমপুর ছেড়ে সপরিবার ঢাকায় চলে আসেন শিক্ষক সোহরাব আলী। নতুন পরিবেশে জীবন গড়ার সংগ্রামের পাশাপাশি পাকিস্তানি শাসকগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিবিরোধী অবস্থানের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হয় তাঁর ছেলে জাফর। ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক সচেতনতার দিকে এক তরুণের এগিয়ে যাওয়ার গল্প নিয়ে সেলিনা হোসেনের উপন্যাস ‘যাপিত জীবন’। সেই উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করেছেন হাবিবুল ইসলাম হাবিব। আজ ঢাকাসহ দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি।
বাবার পরিচালনায় প্রথমবার ভাবনা
সিনেমাটিতে আনজুম চরিত্রে অভিনয় করেছেন নির্মাতার মেয়ে আশনা হাবিব ভাবনা। ১৯৪০-এর দশকের একজন নারীর জীবনযাপন, আচরণ ও মানসিকতা পর্দায় ফুটিয়ে তুলতে দীর্ঘদিন অনুশীলন করতে হয়েছে তাঁকে। ভাবনার ভাষায়, ২০২৬ সালের একজন মানুষের সঙ্গে ১৯৪৭ সালের আনজুমের সময় ও জীবনবোধের পার্থক্য অনেক। তাই সেই সময়ের হাঁটাচলা, কথা বলার ধরন ও চোখের ভাষা আয়ত্ত করাই ছিল বড় চ্যালেঞ্জ।
বাবার পরিচালনায় এটিই ভাবনার প্রথম কাজ। পারিবারিক সম্পর্কের কারণে কাজটি সহজ হয়নি, বরং দায়িত্ব বেড়েছে বলে জানান তিনি। সিনেমাটি তাঁদের নিজস্ব প্রযোজনায় নির্মিত হওয়ায় অভিনয়ের বাইরেও নানা বিষয়ে যুক্ত থাকতে হয়েছে তাঁকে। ছবিতে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি ভাবনা। তাঁর কাছে এটি বাবার জন্য উপহার।
দীর্ঘ অপেক্ষার পর মুক্তি
পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের প্রথম সিনেমা ‘বখাটে’ মুক্তি পেয়েছিল ১৯৮৭ সালে। পরে নির্মাণ করেন ‘রাত্রির যাত্রী’। সেলিনা হোসেনের ‘যাপিত জীবন’ উপন্যাস পড়ে মুগ্ধ হয়েছিলেন তিনি। দেশভাগ, ১৯৪৭ সালের রাজনৈতিক অস্থিরতা ও সেই সময়ের সামাজিক বাস্তবতা তাঁকে সিনেমাটি নির্মাণে আগ্রহী করে তোলে।
ঐতিহাসিক প্রেক্ষাপটে সিনেমা নির্মাণে বড় বাজেটের প্রয়োজন হওয়ায় ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানের জন্য আবেদন করেন নির্মাতা। অনুদান পাওয়ার পর প্রাথমিক কাজ শুরু হয়। ২০২২ সালে রাজবাড়ীর গোয়ালন্দে টানা ২০ দিন শুটিং করেন অভিনয়শিল্পীরা। পরে সম্পাদনা ও অন্যান্য পোস্টপ্রোডাকশনের কাজ শেষ হয়। ২০২৪ সালের নভেম্বরে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়।
নির্মাতার মতে, উপন্যাসের সময়, পরিবেশ ও স্থান পর্দায় তুলে ধরা ছিল কঠিন। কারণ, চারপাশের পরিবেশ বদলে গেছে। তাই পোশাক থেকে শুটিংয়ের লোকেশন, সবকিছুতেই সেই সময়ের আবহ তৈরির জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে।
পর্দায় ফিরিয়ে আনার চেষ্টা ১৯৪৭-পরবর্তী সময়
সিনেমাটির অভিনেতা ইমতিয়াজ বর্ষণের মতে, জন্মভিটা ও শিকড় ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার বেদনা সহজে মুছে যায় না। নতুন জায়গায় আবার শিকড় গড়া, নিজের অধিকার প্রতিষ্ঠা এবং ভাষার জন্য লড়াইয়ের বিষয়গুলো সিনেমার গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে ১৯৪৭ সালের পরবর্তী সময়ের পরিবেশ পর্দায় ফুটিয়ে তোলাও ছিল বড় চ্যালেঞ্জ। বর্তমানের শহর, বাড়িঘর, রাস্তাঘাট ও পোশাকের সঙ্গে সেই সময়ের অনেক পার্থক্য। তাই আলাদাভাবে তৈরি করতে হয়েছে তৎকালীন সময়ের আবহ। চিত্রনাট্য ও সৃজনশীল নির্মাণপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অনিমেষ আইচ।
ভাবনা ও ইমতিয়াজ বর্ষণ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, মৌসুমী হামিদ ও কাজী হায়াৎ। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত সিনেমাটি আজ দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।