দেশের ইতিহাস ও আত্মত্যাগের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ‘যাপিত জীবন’ সিনেমাটি সপরিবারে দেখার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও রাজনীতিবিদ রুমিন ফারহানা। তাঁর মতে, দেশভাগ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আরও সিনেমা নির্মাণ হওয়া প্রয়োজন।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর উত্তরার সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে নিজের অনুভূতি জানিয়ে রুমিন ফারহানা বলেন, সিনেমাটি দেখে কখনো হেসেছেন, আবার কখনো কেঁদেছেন। তাঁর কাছে এটি অসাধারণ একটি সিনেমা মনে হয়েছে।

নিজের জন্ম ১৯৮১ সালে উল্লেখ করে রুমিন বলেন, আগের সময়ের ইতিহাস জানতে তিনি বিভিন্ন বই পড়েন। তবে সাধারণ মানুষের কাছে ইতিহাস পৌঁছে দেওয়ার অন্যতম বড় মাধ্যম সিনেমা। তাই চলচ্চিত্রে ইতিহাস ও সত্য তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।

রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সিনেমার প্রতি ভালোবাসার কথা জানিয়ে রুমিন বলেন, তিনি সবসময় ভালো সিনেমার পক্ষে। পরিচালকদের উদ্দেশে তাঁর আহ্বান, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে জানাতে এ ধরনের সিনেমা আরও নির্মাণ করা হোক।

সরকারি অনুদানে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত ‘যাপিত জীবন’ আগামী ২০ নভেম্বর দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ভাবনা, রওনক হাসান, মৌসুমি হামিদ ও ইমতিয়াজ বর্ষণসহ অনেকে।