ঢালিউডের অভিনেতা শরিফুল রাজের সিনেমা মানেই দর্শকের জন্য নতুন কোনো চমক। এবার নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে ভক্তদের সেই সুখবরই দিয়েছেন তিনি। নির্মাতা তানিম রহমান অংশুর পরিচালনায় কল্পবিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র ‘লিম্বো’তে দেখা যাবে এই অভিনেতাকে।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ভারতীয় চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। ‘লাপাত্তা লেডিস’ সিনেমার চিত্রনাট্যকার হিসেবে পরিচিত তিনি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘লিম্বো’র।

সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসবো, অন্যরকম এক জগত সাথে নিয়ে। চলচ্চিত্রটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু।’

রাজের জন্মদিনে সিনেমাটির পোস্টার প্রকাশের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা তানিম রহমান অংশুও। অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। শুভ জন্মদিন শরিফুল রাজ। এবার সার্ফিং হবে আকাশে চলো।’

‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শরিফুল রাজের। এরপর ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘দামাল’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের পাশাপাশি পর্দায় নানা ধরনের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন এই অভিনেতা। এবার কল্পবিজ্ঞানের গল্পে মহাকাশের এক নতুন জগতে দর্শকদের নিয়ে যাওয়ার অপেক্ষায় রাজ। ‘লিম্বো’ তাঁর ক্যারিয়ারে কতটা নতুন মাত্রা যোগ করে, তা জানতে অপেক্ষা করতে হবে সিনেমাটির মুক্তি পর্যন্ত।