ছোট পর্দার তুমুল জনপ্রিয় ও সাহসী অভিনেত্রী রুবিনা দিলাইক আবারও ফিরছেন রোমাঞ্চকর রিয়্যালিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি’-র ১৫তম আসরে। ২০২২ সালের পর এই আসরে তাঁর প্রত্যাবর্তনকে ভক্তরা বড় চমক হিসেবে দেখছেন। তবে আজকের এই সাফল্য রুবিনার জন্য সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, তাঁর পাহাড়ি চেহারা ও শারীরিক গঠন নিয়ে এক সময় ইন্ডাস্ট্রি থেকে চরম অপমান সহ্য করতে হয়েছে তাঁকে।

রুবিনা জানান, ‘হিমাচলি মেয়ে’ হওয়ায় অনেকেই তাঁকে ব্যঙ্গ করে ‘হিমাচলি আপেল’ বলে ডাকতেন এবং তাঁর গালের মেদ ও থুতনি নিয়ে হাসিঠাট্টা করতেন। এমনকি এক নামী পরিচালক সরাসরি তাঁর মুখের ওপর বলে দিয়েছিলেন যে, রুবিনার চেহারা অনেক ‘নেতিবাচক’ এবং তাঁকে কোনো ইতিবাচক কেন্দ্রীয় চরিত্রে কাজ দেওয়া হবে না। দাঁতে ব্রেসেস থাকা এবং শরীরের গঠন নিয়ে হীনম্মন্যতায় ভোগা সেই রুবিনা আজ নিজের আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে সব বাধা জয় করেছেন। রুবিনার কথায়, “প্রত্যেকেরই নিজস্ব সৌন্দর্য আছে। অন্যের মতো হওয়ার চেষ্টা না করে নিজেকে নিজের মতো করে মেনে নেওয়াটাই আসল জয়।”

‘ছোটি বহু’ সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী পরবর্তীতে ‘বিগ বস ১৪’-এর শিরোপাও জিতেছিলেন। এবারের ‘খাতরোঁ কে খিলাড়ি’ ১৫-তে রুবিনার সঙ্গে আরও থাকছেন কারাণ ওয়াহি, জেসমিন ভাসিন, ঋত্বিক ধঞ্জানি ও অভিকা গোরের মতো পরিচিত সব মুখ। এ ছাড়াও নতুন প্রতিযোগী হিসেবে গৌরব খান্না ও রুহানিকা ধাওয়ানদের দেখা যাবে। নিজের লুক নিয়ে কটু কথা শোনা সেই রুবিনা এবার স্টান্টের ময়দানে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন, তা দেখতে মুখিয়ে আছেন দর্শক।