নাকের অস্ত্রোপচার নিয়ে এবার খোলামেলা কথা বললেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অস্ত্রোপচারের পাশাপাশি অভিনয়ে আসার সিদ্ধান্তে প্রয়াত মা শ্রীদেবীর প্রতিক্রিয়া নিয়েও স্মৃতিচারণ করেন তিনি।
২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। তবে অভিনয়ে আসার সিদ্ধান্তে শুরুতে খুব একটা আগ্রহী ছিলেন না শ্রীদেবী। মেয়েকে নিজের মতো অভিনেত্রী হিসেবে দেখতে চাইতেন না তিনি। পরে অবশ্য জাহ্নবীর ইচ্ছাকে মেনে নেন। অভিনেত্রী জানান, অভিনয়ে আসার কথা শুনে মা বলেছিলেন, এই পেশায় আসতে হলে নিজের পুরো জীবনটাই উৎসর্গ করতে হবে।
নাকের অস্ত্রোপচারের প্রসঙ্গ তুলে জাহ্নবী মজার ছলে বলেন, অস্ত্রোপচারের পরই হয়তো তাঁর মধ্যে অভিনয়ের সম্ভাবনা দেখতে শুরু করেছিলেন মা। তাঁর মতে, সৌন্দর্যচর্চা ও অস্ত্রোপচারের বিষয়গুলো পরিবারের অভিজ্ঞতার সঙ্গেও জড়িত। কারণ, শ্রীদেবীও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন। সৌন্দর্য সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তৈরিতে মায়ের প্রভাবের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।