পর্দায় এবার ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মন্দানা। এ জন্য অভিনয়ের প্রস্তুতির পাশাপাশি তাঁকে শিখতে হচ্ছে কর্ণাটকী শাস্ত্রীয় সংগীত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা জানিয়েছেন, গান গাওয়ার অভ্যাস কখনোই ছিল না তাঁর। এমনকি বাড়িতেও গুনগুন করে গান করেন না। তাই সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে প্রথমে দ্বিধায় ছিলেন তিনি। এত বড় একজন শিল্পীর জীবন ও সংগীতসাধনা পর্দায় যথাযথভাবে তুলে ধরতে পারবেন কি না, তা নিয়েই সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন অভিনেত্রী।

রাশমিকার কাছে এটি শুধু একটি চরিত্রে অভিনয় নয়, বরং কিংবদন্তি শিল্পীর জীবন ও সংগীতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। তাই সুব্বুলক্ষ্মীর অভিব্যক্তি ও সংগীতসাধনা পর্দায় ফুটিয়ে তুলতে কর্ণাটকী শাস্ত্রীয় সংগীতের তালিম নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন তিনি।

সিনেমাটির নাম ‘এম এস আ লিগ্যাসি অন স্ক্রিন’। পরিচালনা করছেন গৌতম তিনানুরি, সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। প্রকল্পটি নিয়ে নির্মাতারা এখনই বিস্তারিত জানাতে চাইছেন না। রাশমিকাও জানিয়েছেন, পুরো দলের কাছে ছবিটি আবেগের জায়গা থেকে গুরুত্বপূর্ণ। তাই এর খুঁটিনাটি প্রকাশে সবাই সতর্ক।