বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৫ সালের ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে মারা যান এই অভিনেতা। স্বামীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী হেমা মালিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রর সঙ্গে কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি।
পোস্টে হেমা লিখেছেন, ‘দেখতে দেখতে একটি বছর পেরিয়ে গেল, কিন্তু আমার শোকের তীব্রতা এতটুকু কমেনি। এমন একজন মানুষকে হারানোর শোক বয়ে বেড়াচ্ছি, যিনি শুধু আমার স্বামী ছিলেন না। তিনি ছিলেন আমার সবকিছু বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, আমার শক্তি, সংক্ষেপে আমার অস্তিত্বের অংশ।’
ধর্মেন্দ্রর ব্যক্তিত্ব ও ভালোবাসার কথা স্মরণ করে হেমা আরও লেখেন, সাফল্যের শিখরে পৌঁছেও তিনি মাটির কাছাকাছি ছিলেন এবং নিজের শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। তাঁর অসাধারণ গুণাবলি ও সবার প্রতি ভালোবাসা তাঁকে অনন্য করে তুলেছিল।
ধর্মীয় বিশ্বাসের প্রসঙ্গ টেনে হেমা লেখেন, ‘ভগবদ্গীতা বলে, আত্মা অমর এবং পুনর্জন্ম লাভ করে। আমি তা জানি। কিন্তু আমি এখনো এই জীবনেই আছি, তাই তাঁর স্নেহময় উপস্থিতি ভীষণভাবে অনুভব করি।’
ধর্মেন্দ্রকে ভালোবাসা ও স্মরণ করার জন্য ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন হেমা। তিনি জানান, লাখো ভক্ত এখনো ধর্মেন্দ্রকে মনে রেখেছেন এবং তাঁকে নিয়ে ভালোবাসার বার্তা পাঠিয়েছেন।
১৯৮০ সালে বিয়ে করেন হেমা মালিনী ও ধর্মেন্দ্র। তাঁদের দুই মেয়ে এশা দেওল ও অহনা দেওল। দীর্ঘ অভিনয়জীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। বলিউডে ‘হি-ম্যান’ নামে পরিচিত এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা ও ভক্ত। মুম্বাইয়ের পাওয়ান হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পরে ২৭ নভেম্বর তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে তাঁর স্মরণে প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল।